ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সন্ত্রাসবিরোধী দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠন এবং এই অঞ্চলে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নির্মূলে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (সংশোধিত)
টাস্কফোর্স গঠনে শেখ হাসিনার এই প্রস্তাবে ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেন, এ ব্যাপারে সবার 'সম্মিলিত উদ্যোগ' দরকার। (বিস্তারিত)
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সাক্ষাতকালে এসব কথা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে এ সাক্ষাত হয়।
বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত প্রণব মুখার্জী প্রধানমন্ত্রীর বাসভবনে ছিলেন।
প্রণব মুখার্জী আলোচনা শেষে চলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর তথ্য সচিব অপেক্ষমান সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান।
আবুল কালাম আজাদ বলেন, "বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"
শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে গুরুত্ব দিয়ে বলেছেন, "বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।"
প্রধানমন্ত্রীর তথ্য সচিব জানান, এই অঞ্চল থেকে দারিদ্র্য দূরীকরণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, চোরাচালান এবং এই অঞ্চলে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নতুন দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনের জন্য ভারত সরকার ও সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
ভারত ও বাংলাদেশে পরস্পরের বিনিয়োগ বৃদ্ধি ও তার নিরাপত্তা নিশ্চিত করাই পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা নামের এ চুক্তিটির লক্ষ্য।
শেখ হাসিনা এই অঞ্চলে সন্ত্রাস নির্মূলে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের জন্য জন্য ভারত সরকারের সহযোগিতা চান।
এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, টাস্কফোর্সের কাঠামো নিয়ে কোনও আলোচনা হয়নি।
তিনি বলেন, "ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই টাস্কফোর্স গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।"
আজাদ আরো জানান, বৈঠকের শুরুতে শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতার জন্য প্রণব মুখার্জীকে ধন্যবাদ জানান এবং বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের যে কয়েক হাজার সেনা নিহত হয়েছে তা বাংলাদেশের জনগণ স্মরণে রাখবে।
হাসিনা-প্রণব বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দিপুমনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম, পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন, বাংলাদেশে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং ডেপুটি হাইকমিশনার মুক্তা ডি টুমার।
এছাড়াও শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে ছোটবোন শেখ রেহানা, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও জামাতা খন্দকার মাশরুর হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এসকে/২১১৯ঘ.
bdnews24