ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গত বছর (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত) প্রায় সাড়ে তিন'শ ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়াও গত মাসে আরও ৬৩ জনের বিরুদ্ধে আনা একই ধরনের অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে কমিশন।
গত বছর চার দফায় দাখিল করা ওই প্রতিবেদনের এদের মধ্যে ১৬ জন বর্তমান, সাবেক মন্ত্রী ও সাংসদ, ৬৬ জন পৌরসভা কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান এবং আরও ৬৬ জন সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছে। দুর্নীতির অভিযোগে এদের অনেককেই জেলও খাটতে হয়েছে দীর্ঘদিন।
প্রমাণ করতে না পারা অভিযোগের মধ্যে বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমান, তার ভাই সালমান এফ রহমান ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে আরব-বাংলাদেশ ব্যাংকের প্রায় ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগটিও রয়েছে।
সোমবারের নিয়মিত সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) এসব তথ্য জানান।
দুদকের অভিযোগ থেকে রেহাই পাওয়াদের মধ্যে রয়েছেন; কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, তরিকুল ইসলাম, আসাদুল হাবিব দুলু, শাহ মো. আবু জাফর, গিয়াসউদ্দিন, নাসির উদ্দিন পিন্টু, এ কে এম ফজলুল হক মিলন, এ কে এম সেলিম রেজা হাবিব, মাওলানা আব্দুস সোবহান, ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কাজী নজরুল ইসলাম, সৈয়দ আবুল হোসেন খান, শামসুজ্জোহা খান, নিলুফা জাফর প্রমুখ।
হানিফ ইকবাল বলেন, "অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারায় কমিশন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। এছাড়াও গত জানুয়ারি মাসে ৬৩ জনের বিরুদ্ধে একইভাবে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে দুদক।"
তিনি জানান, অভিযোগগুলোর মধ্যে ছিল আর্থ আত্মসাত, ত্রাণের টিন, কম্বল ও চাল আত্মসাত, জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জন, ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৭০৫ঘ.
bdnews24