খুলনা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার খালিশপুরে রোববার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ছাত্র আহত হয়েছে।
রেফার্ড পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্ররা সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুদ্ধ ছাত্ররা ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ, অধ্যক্ষের কক্ষ ও ছাত্রাবাস ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে গেলে ইনস্টিটিউট ক্যাম্পাস ও আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫০ রাউন্ডের বেশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
আহতদের মধ্যে আছেন- পুলিশের পরিদর্শক কামাল উদ্দিন, কনস্টেবল শামসুল ইসলাম, শিক্ষার্থী সালাহউদ্দিন টিপু। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের সহাকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম জানান, ছাত্ররা ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুদ্ধ ছাত্ররা খালিশপুর-পলিটেকনিক রোড এবং খুলনা-যশোর মহাসড়ক রোড অবরোধ করে রাখে।
তিনি জানান, এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছাত্ররা তিনটি ট্রাক ভাংচুর করে। সংঘর্ষ চলাকালে আশপাশের দোকান পাট বন্ধ হয়ে যায়।
এসি বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বেলা ২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24