২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবি, নিহত ১০

ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মনতলী এলাকায় রোববার দুপুরে তিতাস নদীতে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে ১০ জন নিহত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ব্রাক্ষ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মনতলী এলাকায় রোববার দুপুরে তিতাস নদীতে লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই নৌকার যাত্রী ছিলেন। নিহতরা হলেন- নবীনগরের সেমন্তঘর গ্রামের খুশী মিয়ার মেয়ে ইতি (১৪), একই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (২৫), তার মেয়ে আয়েশা (৩), মোহল্লা গ্রামের মিজান মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৩৫), তার ছেলে তানজিন (৮), একই গ্রামের জাকির মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩৫) ও তার আট মাসের মেয়ে, আলীয়াবাদ গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে রীমা আক্তার (১০) এবং আনুমানিক ৩০ ও ৩৫ বছর বয়সী অজ্ঞাত দুই মহিলা। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেহাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেরকুট গ্রাম থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে নবীনগর যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে মনতলী পৌঁছালে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে গেলে ১০জন নিহত এবং ২৫ জন আহত হন। নৌকার অপর যাত্রীরা নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে তিনি জানান। ওসি বলেন, স্থানীয় হতাহতদের উদ্ধার করেছে। আর কেউ নিখোঁজ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএএ/ডিডি/এমএসবি/১৮২৯ ঘ.