২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করদাতা বাড়িয়ে ব্যবসা বান্ধব বাজেট করতে চাই: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি সমৃদ্ধ হলে দেশের সুনাম বাড়বে, অন্যের কাছে হাত পাততে হবে না। দেশে করদাতার সংখ্যা বাড়িয়ে ব্যবসা বান্ধব, করদাতা বান্ধব বাজেট তৈরি করতে চাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

হবিগঞ্জে, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অর্থনীতি সমৃদ্ধ হলে দেশের সুনাম বাড়বে, অন্যের কাছে হাত পাততে হবে না। দেশে করদাতার সংখ্যা বাড়িয়ে ব্যবসা বান্ধব, করদাতা বান্ধব বাজেট তৈরি করতে চাই। শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ কথা বলেন। তিনি বলেন, "কর আহরণে জটিলতা দূর করে কর প্রদান প্রক্রিয়া আরও সহজতর করা হবে।" এনবিআর চেয়ারম্যান বলেন, "প্রতি বছরই আমাদের জাতীয় বাজেট বৃদ্ধি পায়। কিন্তু সেই তুলনায় করদাতার সংখ্যা বাড়ছে না। তাই আমাদের সবাইকে করদানে এগিয়ে আসতে হবে এবং করদানকে সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে।" অনুষ্ঠানে ব্যবসায়ীরা জাতীয় বাজেটে কৃষিখাতকে অগ্রাধিকার, কৃষিপণ্যের ন্যায্য দাম ও বিদ্যুৎ ঘাটতি নিরসনের দাবি জানান। জেলা প্রশাসক মো. আবুল কাশেম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত 'স্বপ্রণোদিত করদানে উদ্বুদ্ধকরণ, মূল্য সংযোজন কর সংগ্রহ ও প্রাক বাজেট বিষয়ে মতবিনিমিয় সভায় আরও বক্তব্য রাখেন- হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, পৌর মেয়র জি কে গউছ, চেম্বার সভাপতি তকাম্মুল হোসেন কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বি) জ্যোতিলাল কুরি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন ও স্থানীয় ব্যবসায়ীরা। সভায় আয়কর, ভ্যাট ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিকেলে এনবিআর চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে অনুরূপ এক মতবিনিময় সভা করেন। সভায় তিনি বলেন, কর দাতা ও আহরণকারীদের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে। সভায় ২১জন ব্যবসায়ী করদাতা হিসেবে তালিকাভুক্ত হন। আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের ধর্মঘটের ফলে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আখাউড়া স্থলবন্দরে পাথরবাহী ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তারের ঘটনায় বন্দরের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেয়। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল হাই। সভায় আরও বক্তব্য রাখেন- চট্রগ্রাম বিভাগের কর কমিশনার মো. ফিরোজ শাহ আলম, কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক, পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরজু, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.