২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিফা, ট্র্যানজিট ও টাস্কফোর্সের প্রতিবাদে বাম মোর্চার কর্মসূচি

টিফা, ট্র্যানজিট ও সন্ত্রাস বিরোধী দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবের প্রতিবাদে ১২ ফেব্র"য়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম মোর্চা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টিফা, ট্র্যানজিট ও সন্ত্রাস বিরোধী দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবের প্রতিবাদে ১২ ফেব্র"য়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম মোর্চা। রাজধানীর তোপখানায় মোর্চার অস্থায়ী কার্যালয়ে শনিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাম মোর্চার সমন্বয়ক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোর্চার নেতা আ ফ ম মাহাবুল হক, টিপু বিশ্বাস, শুভ্রাংশু চক্রবর্তী, সাইফুল হক প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে সমুদ্রসীমা, গঙ্গার পানি প্রবাহ, তিন বিঘা করিডোর ও তালপট্টিসহ প্রতিবেশী ভারতের সঙ্গে অন্যান্য বিরোধপূর্ণ বিষয়ে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গভীর সমুদ্রের তেল-গ্যাসসহ খনিজ সম্পদ নিয়ে কোন ধরণের 'ষড়যন্ত্র'বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেন তারা। চুক্তি না করতে সিপিবির আহ্বান এদিকে সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান যুক্তরাষ্ট্রের সঙ্গে 'দেশের স্বার্থবিরোধী' চুক্তি না করার আহ্বান জানিয়ে বলেছেন, মার্কিনীদের স্বার্থের কাছে বন্দী হওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানীদের মতো মার্কিনীদের বিরুদ্ধেও। বাউচারের বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে সিপিবি সভাপতি একথা বলেন। পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। টিফা চুক্তি প্রসঙ্গে মঞ্জুরুল আহসান খান বলেন, চুক্তিটি দেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। কারণ এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে একতরফা সুবিধা পাবে। এছাড়া টিফা চুক্তি সম্পাদনের 'চক্রান্ত' বাতিল করার দাবিতে প্রগতিশীল ছাত্রজোট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমকে/টিআর/এসকে/২০৫৭ঘ.