সিলেট, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হচ্ছে প্রথম সিলেট আন্তর্জাতিক টেলিকম মেলা ২০০৯।
এ মেলা ১ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ তারিখ পর্যন্ত।
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। শুক্রবার ও অন্যান্য ছুটির দিনে চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।
থিম সলিউশন এবং বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী এসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে নগরীর হাফিজ কমপ্লেক্সে এ মেলা আয়োজন করছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলা উদ্বোধন করবেন।
মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০টাকা ।
বুধবার দুপুরে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়েজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যতম আয়োজক প্রতিষ্ঠান বিএমবিএ'র সভাপতি প্রকৌশলী মো. নিজাম উদ্দিন জিটু জানান, মেলায় মোবাইল ফোন, মোবাইল ফোন সেট প্রস্তুতকারী এবং আমাদানিকারক কোম্পানি ছাড়াও পিএসটিএন অপারেটর কোম্পানি, মোবাইল ফোন এক্সেসরিজ, সফটওয়্যার ও যন্ত্রপাতি আমদানিকারক প্রতিষ্ঠান, ল্যান্ড ফোন এক্সেসরিজ আমদানিকারক প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন শিক্ষা প্রদানকারী ও সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাও থাকবে। এখানে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে মোবাইল ফোন সেট ও সংশ্লিষ্ট সামগ্রী পাওয়া যাবে বলেও জানান জিটু।
তিনি জানান, মেলায় ৭০টি স্টল থাকবে। ৬৪ বর্গফুটের প্রতিটি স্টলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে ১৫টি প্যাভেলিয়ন। ১২৮ বর্গফুটের মিনি প্যাভেলিয়নের ভাড়া ৩০ হাজার টাকা, ২৫৬ বর্গফুটের প্যাভেলিয়নের ভাড়া ৬০ হাজার টাকা ও ৫১২ বর্গফুটের ভিআইপি প্যাভেলিয়নের ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ২০ হাজার টাকা।
মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি নান্দনিকতা ও সর্বোচ্চ বিক্রয়ের জন্য তিনটি করে স্টলকে পুরস্কৃত করা হবে।
মেলার শেষ দিন পুরস্কার বিতরণী ও আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
বিএমবিএ সভাপতি আরও জানান, মেলার মাধ্যমে মোবাইল ফোনের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যত সম্ভবনার কথা তুলে ধরা হবে।
ঢাকার বাইরে এই প্রথম সিলেটে এরকম মেলার আয়োজন করা হচ্ছে। দেশব্যাপী মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা বিশেষ করে সিলেটে মোবাইল ফোন ব্যবসায়ী ও গ্রাহক বৃদ্ধি এবং জনসাধারণকে মোবাইল ফোন প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষ্যেই এ মেলা আয়োজন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.
bdnews24