কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত।
একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন বুধবার এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হল- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের খয়ের আলীর ছেলে শুকুর আলী (২৭), আব্দুল গনির ছেলে কামু ওরফে কামরুল (২৫), পিজাব উদ্দিনের ছেলে নুরুদ্দিন সেন্টু (২৫), আবু তালেবের ছেলে আজানুর রহমান (২৭) ও সিরাজুল প্রামাণিকের ছেলে মামুন হোসেন (২৪)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৫ মার্চ রাতে দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের আব্দুল মালেক ঝনুর মেয়ে সাবিনা (১৩) প্রতিবেশির বাড়িতে টেলিভিশন দেখে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে অপহরণ করে। এরপর লালনগর ধরমগাড়ী মাঠের একটি তামাক ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে সাবিনাকে তারা হত্যা করে।
পরদিন সাবিনার বাবা আব্দুল মালেক ঝনু বাদী হয়ে এই পাঁচ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24