ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ বুধবার বলেছেন, বিরোধী দল সংসদে আসা শুরু করলেই অনেক সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।
বিএনপির সাংসদরা তার সঙ্গে দেখা করার পর স্পিকার সাংবাদিকদের বলেন, তিনি চাচ্ছেন বিরোধী দল যেন সংসদে আসে।
আবদুল হামিদ বলেন, "বিরোধীদল ছাড়া সংসদ অধিবেশন চালাতে আমারও ভালো লাগে না। আমি তাদের সংসদে আসতে বলেছি।"
স্পিকার বলেন, "আমি এখনো মনে করি, সরকার ও বিরোধী দল চাইলে সব সমস্যার সমাধান সম্ভব। তবে আগামী অধিবেশনে আমি তাদের সমস্যার সমাধান করতে পারবো বলে আশা করছি। কিন্তু কতটুকু করতে পারবো তা এই মুহূর্তে বলা কঠিন।"
তিনি জানান, বিরোধী দলকে সংসদে আনতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আব্দুল হামিদ তার টেবিলে রাখা সাংসদদের আসন বিন্যাসের ছক দেখিয়ে বলেন, "এখন কাউকে সরিয়ে দেওয়া আমার জন্য খুবই কঠিন।"
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমার আগের জন এই সমস্যার সৃষ্টি করেছেন। আমি যখন স্পিকারের পদ ছেড়েছিলাম, তখন তো তার জন্য এ ধরণের সমস্যার সৃষ্টি করে যাইনি। তিনি তো দু'দলের চিফ হুইপের সঙ্গে কথা বলে আসন বন্টন করতে পারতেন।"
এছাড়া বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুনর্নিয়োগের ব্যাপারে স্পিকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেন আব্দুল হামিদ। তবে এ ব্যাপারে বিএনপির অনুভূতির বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
বিএনপির সাংসদরা বুধবার সন্ধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করে বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তায় এসএসএফ পুনর্নিয়োগ এবং সংসদে আসন পুনর্বিন্যাসের দাবি জানান।
স্পিকার এসময় আরো বলেন, "বিএনপি নেত্রীর বিরুদ্ধে যে নিরাপত্তার হুমকি রয়েছে, তা আমাকে বলা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/এসকে/২২২২ ঘ.
bdnews24