ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটে মঙ্গলবার কাভার্ড ভ্যান ও টেম্পুর সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সাতক্ষীরায় বাস ও জিপের ধাক্কায় মারা গেছেন এক স্কুল শিক্ষিকা। মাগুরায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক নছিমন চালক।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
বাগেরহাট: বাগেরহাট-ফকিরহাট সড়কে সদর উপজেলার বাদামতলা এলাকায় মঙ্গলবার কাভার্ড ভ্যান ও টেম্পুর সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের আনছার শেখের ছেলে টেম্পু চালক মিরান শেখ (২৮), মোল্লাহাট উপজেলার রংপুর গ্রামের শফিকুল ইসলামের তের মাস বয়সী ছেলে তামিম এবং অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭৫)।
আহতরা হলেন- নিহত শিশু তামিমের বাবা শফিকুল ইসলাম (৩২), মা শিল্পী বেগম (২৫), মোল্লাহাটের গাওলা গ্রামের আলতাফ শেখ (৪০), ফকিরহাট সদরের সেলিম শেখ (৪৫), নলধা গ্রামের আবু জাফর (৩৫), গোপালগঞ্জ জেলার গোবরা গ্রামের আসাদুজ্জামান (৬২) এবং বাগেরহাট সদর উপজেলার বাজুয়া গ্রামের আব্দুল মজিদ (৫৫)।
আহতদের চারজনকে বাগেরহাট সদর হাসপাতাল এবং গুরুতর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাগেরহাট থেকে ফকিরহাটগামী একটি টেম্পু বাদামতলা চৌরাস্তায় পৌঁছলে বিপরীতমুখী কভার্ড ভ্যানটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কাভার্ড ভ্যান চালক বেল্লাল হোসেনকে (২৮) আটক করেছে।
সাতক্ষীরা: সাতক্ষীরায় কলারোয়া উপজেলা গেটের সামনে বাস ও জিপের ধাক্কায় মঙ্গলবার সকালে শাহিদা খাতুন (৪৩) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন শাহিদার স্বামী দ্বীন মোহাম্মাদ এবং ভ্যানচালক মকবুল হোসেন। এরা কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর ইসলাম জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি জিপ কলারোয়া উপজেলা গেটে একটি ভ্যানকে ধাক্কা মারে। এতে ভ্যান আরোহী শাহিদা খাতুন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাস ও জিপ পুলিশ আটক করেছে। তবে বাহন দু'টোর চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
মাগুরা: মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় মঙ্গলবার সকালে ট্রাক চাপায় এক নছিমন (ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি) চালক নিহত হয়েছেন।
নিহত নছিমন চালক কফিল উদ্দিন শেখের (৩৫) বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক মাহবুব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাগুরা থেকে বাড়ি ফেরার পথে বিপরীতমুখি একটি দ্রুত গতির ট্রাক নছিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক কফিল উদ্দিনের মৃত্যু হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯০০ ঘ.
bdnews24