২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছিনতাইকারীর হাতে ছাত্র আহত হওয়ার জেরে ব্যাপক ভাঙচুর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা মঙ্গলবার শহরে ভাঙচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

পাবনা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা মঙ্গলবার শহরে ভাঙচুর চালিয়েছে। ভাংচুর চলার সময় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব দোকানপাট। এ সময় কমপক্ষে ২০জন আহত হয়। বিক্ষুব্ধ ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয়, রূপালী ও সোনালী ব্যাংকসহ প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র আব্দুস সালাম সোমবার রাতে কলেজের মসজিদে এশার নামাজ আদায়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নামাজ পড়ার সময় ওই ছিনতাইকারী সালামের মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে। সালাম ছিনতাইকারীকে জাপটে ধরলে সে তাকে ছুরি মারে। ওসি ইকবাল শফি বলেন, "এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ক্লাশ বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তা ঘেরাও করে।" তিনি বলেন, "এ সময় জেলা প্রশাসক ড.এএফএম মঞ্জুর কাদির অফিস থেকে বের হয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। কিন্ত ছাত্ররা আরো ক্ষেপে যায়। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর শুরু করে। পুলিশ মিছিলে লাঠিচার্জ করলে মিছিলটি জঙ্গি রূপ ধারণ করে।" এ ঘটনার পর শহরে এবং এডওয়ার্ড কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/১৭২৮ঘ.