ঝিনাইদহ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে মঙ্গলবার ডিবি পুলিশের সঙ্গে এনকাউন্টারে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ কমান্ডার শামছেল ওরফে রবীন (৪৫) নিহত হয়েছে।
তার বাড়ি মাগুরার শ্রীরামপুর গ্রামে।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকদিন আগে রবীন কালীগঞ্জের এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে দুই লাখ টাকায় রফা হয়। ঠিক হয় কোটচাঁদপুরে টাকা লেনদেন করা হবে।"
তিনি বলেন, "এ ব্যাপারে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে ওঁৎ পেতে ছিল। মঙ্গলবার সকালে রবীন বাস থেকে নামার পর তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় রবীনের দেহরক্ষী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। বোমা নিক্ষেপ করে রবীন।"
পুলিশ সুপার বলেন, "পুলিশ পাল্টা গুলি চালালে রবীন ঘটনাস্থলে নিহত হয়।"
ঘটনাস্থল থেকে ২টি শাটারগান, ২টি বোমা ও কয়েক রাউন্ড গুলি পুলিশ উদ্ধার করেছে।
রবীনের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় ৪টি হত্যাসহ ১২টি মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/টিআর/১৪৪৮ ঘ.
bdnews24