নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জ শহর জাতীয়তাবাদী যুবদল সভাপতি ও সাবেক পৌর কমিশনার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম সোমবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে ৩৫ লাখ ৩২ হাজার ১০৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে ৩৩ লাখ ৪৭ হাজার ২৩৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, জাহাঙ্গীর আলমের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশের পর তিনি দুদকে সম্পদের হিসাব দাখিল করেন।
বিবরণীতে তিনি নিজ নামে ৮৪ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকার স্থাবর এবং ১৭ লাখ এক হাজার ৫৮৫ টাকার অস্থাবরসহ মোট এক কোটি এক লাখ ৩৫ হাজার ৫১৫ টাকার সম্পদের হিসাব দেন।
কিন্তু এই সম্পদ বিবরণী যাচাইকালে দুদক তদন্ত করে দেখতে পায় শহরের টানবাজারের টি.এম. রায় রোডে জাহাঙ্গীরের ছয়তলা বাড়ির জমিসহ মূল্য ২০ লাখ ৯১ হাজার ২শ' ৬৯ টাকা এবং পি.এম. রায় রোডের ছয়তলা বাড়ির জমিসহ মুল্য ১৪ লাখ ৪০ হাজার ৮৩৬ টাকা কম দেখানো হয়েছে।
দুদকের তদন্তে তার এক কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৯৬৩ টাকার সম্পদের হদিস পাওয়া গেছে।
দাখিলকৃত সম্পদের বিবরণীতে তথ্য গোপন করে নিজের নামে জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জরুরি আইন জারির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। দীর্ঘ কারাভোগের পর কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24