ফেনী, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাগাজীর কুখ্যাত ডাকাত সর্দার ৯ মামলার আসামি আরু বাহিনী প্রধান মো. আরু মিয়াকে (৪৫) আটক করেছে র্যাব।
সোমবার বিকেলে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মানুমিয়ার হাট থেকে র্যাব তাকে আটক করে। রাতে তাকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়।
তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
সোনাগাজী থানার উপ-পরিদর্শক আজাদ বলেন, "আরু মিয়া সোনাগাজী থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সোমবার রাত ৮ টার দিকে র্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।"
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, আহম্মদপুর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে আরু আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। কিছুদিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০০০ ঘ.
bdnews24