ঢাকা ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
রাজধানীতে চাঞ্চল্যকর চুরি ও হত্যাকাণ্ডসহ কয়েকটি বড় অপরাধের ঘটনার প্রেক্ষাপটে এক বিজ্ঞপ্তিতে এ দাবি করলো পুলিশ।
রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পুরোপুরি সজাগ, দায়িত্বশীল ও তৎপর রয়েছে। বড় ধরণের অপরাধ করে কোন ব্যক্তিই পালিয়ে যেতে পারছে না দাবি করে এতে বলা হয়, দক্ষতার সঙ্গে পুলিশ তাদের সনাক্ত ও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছে।
বিজ্ঞপ্তিতে রেল ভবনে চুরির ঘটনা উল্লেখ করে বলা হয়, মাত্র ৯ দিনে এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে ঢাকা মহানগর পুলিশ সনাক্ত করে গ্রেপ্তার করেছে।
সহকারি মহা পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর লালবাগে আজগর আলীকে খুন ও লাশ ১৫ টুকরো করার ঘটনায় মাত্র কয়েকঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিবরণ দেওয়া হয়। এতে পুলিশের 'অতি অল্প সময়ে' জঙ্গি তৎপরতা উদঘাটন এবং নিয়ন্ত্রণ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী দমন, বিভিন্ন চাঞ্চল্যকর বোমা হামলা রহস্য দক্ষতার সঙ্গে উদঘাটন করারও দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮১২ঘ.
bdnews24