ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, এই বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য মানবাধিকার কমিশনকে শক্তিশালী করে তোলা হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠক শেষে তিনি বলেন, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, দেশের মানবাধিকার পরিস্থিতি, শিশু ও নারী অধিকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলের সদস্যরা।
বিরোধী দলকে সংসদে সক্রিয় করার জন্য আসন বন্টন সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, "সংবিধান অনুযায়ী, বিরোধী দলকে ন্যায্য অধিকার দেয়া হবে। তাদের যা যা পাওয়ার বা আইনগতভাবে তারা যা যা পাবে তা নিশ্চিত করা হবে। তবে তাদের কাছ থেকে সরকার দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আশা করে।"
এর আগে জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, "তারা আইন সচিবের পদত্যাগ দাবি করে যেভাবে সভা-সমাবেশ করেছেন তা শোভন নয়।"
তিনি বলেন, সরকার সচিব রাখবে কি না- তা সরকারের বিষয়। এ নিয়ে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ চাপ সৃষ্টি করতে পারে না। দাবি থাকলে তারা তা সরকারের কাছে উত্থাপন করতে পারেন।
তিনি আরো বলেন, আইন সচিবের ব্যাপারে আদালতের রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এর আগে বিচারাধীন বিষয় নিয়ে কারো কোনো মন্তব্য করা উচিত নয়।
জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি আ. গফুর, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাবেক সভাপতি মো. রকিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত বিচারক মো. জাহাঙ্গীর হোসেন, কুষ্টিয়া জেলার অতিরিক্ত বিচারক হারুনুর রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/টিআর/২৩১৪ঘ.
bdnews24