ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় রোববার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে হারুন গাজী নামে এক ঠিকাদার খুন হয়েছে।
বেলা আড়াইটার দিকে ব্যাংক কলোনী বালুর মাঠের শেষ মাথায় নবীনবাগে একটি নির্মাণাধীন বাসার সামনে সন্ত্রাসীরা তার দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি তার পাঁজর, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হারুন ঘটনাস্থলে কাছে একটি টিনশেড বাড়ি নির্মাণের ঠিকাদারি কাজ পেয়েছিলেন। কাজ তদারকি করার সময় ৪/৫জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।
স্থানীয় সন্ত্রাসী ওয়েস্টার্ন টিটুর গ্র"পই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের ধারণা।
পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, টিটুর সঙ্গে একটি পুকুর দখল নিয়ে হারুনের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
তবে স্বজনরা অভিযোগ করেছেন, স্থানীয় কিছু সন্ত্রাসী হারুনের কাছে বেশ কয়েকদিন আগে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
হারুন গাজীর বাসা ২২৬/২ পূর্ব রামপুরা মেরাদিয়া।
রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এএল/২১১৬ ঘ.
bdnews24