ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (এপিডি) ড. খোন্দকার শওকত হোসেন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হলেন।
এছাড়া আরো ২১ জন অতিরিক্ত সচিব এবং দুই জন যুগ্ম-সচিব পদে রোববার রদবদল করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এসব নিয়োগ দেয়া হয়।
এর আগে একইদিন দুপুরে এক সচিব এবং তিন অতিরিক্ত সচিবকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়।
এ চার কর্মকর্তা হলেন- প্রবাসী কল্যাণ সচিব আবদুল মতিন চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) ড. মাহফুজুল হক, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ আকমল হোসেন আজাদ এবং নিপোর্ট'র মহাপরিচালক নাসিমুল গণি।
বদলী ও প্রেষণে নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিবদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাজী আখতার হোসেনকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও সংস্থাপন মন্ত্রণালয়ের মোস্তফা কামাল হায়দারকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে বদলী করা হয়েছে।
বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমানকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান, টিসিবি চেয়ারম্যান জিয়াউল ইসলামকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান, সাভার লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস ড. নাসিরউদ্দিন আহমেদকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশরাফ মোহাম্মদ ইকবালকে বিসিকের চেয়ারম্যান, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে বদলীর আদেশাধীন অপূর্ব কুমার বিশ্বাসকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হোসাইন জামিলকে সাভার বিপিএটিসি'র এমডিএস হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি অতিরিক্ত সচিব খন্দকার মো. আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের সচিব, ইবাদত আলীকে যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, আবু বকর ছিদ্দিককে গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গোলাম মোস্তফা কামালকে বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান, কেএইচ মাসুদ সিদ্দিকীকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, রওশন আরা বেগমকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, আইয়ুবুর রহমান খানকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব, জয়নাল আবেদীনকে টিসিবি'র চেয়ারম্যান, কালা চাঁদ মন্ডলকে জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক, প্রণব চক্রবর্তীকে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক, আহমেদ হোসেন খানকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ড. এসএম নাজমুল ইসলামকে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক যুগ্ম-সচিব জয়নাল আবেদীন তালুকদারকে বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ইকরাম আহমেদকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩৫ঘ.
bdnews24