ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রোববার সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সন্ধ্যা সাতটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রিজভী আহমেদ বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল বিপর্যয়ের পর দলের পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী এ ফোরামের বৈঠকে কিছু সিদ্ধান্ত নেবেন নীতি নির্ধারক নেতারা। বৈঠকের পর গণমাধ্যমকে দলের সিদ্ধান্ত জানানো হবে।"
চেয়ারপার্সন খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন।
এদিকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির পুনর্গঠনের কাজ শুরু করেছেন খালেদা জিয়া। তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত দলের পুনর্গঠন হবে। আজকের (রোববার) এ বৈঠকে পুনর্গঠন বিষয়ক কিছু সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া।"
বিএনপি চেয়ারপারসনসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বর্তমানে ১১। এরা হলেন- এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশরাররফ হোসেন, আব্দুল মতিন চৌধুরী, ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দীকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান এবং এম শামসুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এসকে/১২২৭ঘ.
bdnews24