ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পার্কিংয়ের জায়গার দখল নিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুই গ্র"পের ধাওয়া পাল্টা ধাওয়ায় চারজন আহত হয়েছেন।
এ কারণে বিমানবন্দর এলাকায় প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
শনিবার সকালে জিয়ার টার্মিনাল ভবনের নিচতলায় যাত্রী নিরাপত্তা বেস্টনীর মধ্যে কাউন্টারগুলোর সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরের পার্কিং জায়গার দখল নিয়ে দুটি গ্র"পের মধ্যে বেশ কয়েকমাস ধরে বিরোধ চলে আসছিল।
এর আগে গ্রিন বাংলা, বিএম ট্রান্সপোর্ট ও বাবা অটো নামের তিনটি পরিবহন সংস্থা টেন্ডারের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে পার্কিংয়ের জায়গার ইজারা নিলেও তা উচ্চ আদালতের আদেশে বাতিল হয়ে যায়। কিন্তু তারপরও এই সংস্থাগুলো এখানে পার্কিং-এর ব্যবসা করে আসছিল।
বিমানবন্দর থানায় দায়ের করা এজাহারের বাদি আশরাফ আলী অভিযোগ করেন, শনিবার সকালে তিনি তার পরিবহন বিএন ট্রান্সপোর্টে যাত্রী তুলতে গেলে প্রতিপক্ষের লোকজন এসে বাধা দেয়। তারা তাকে মারধর করে। পকেট থেকে টাকাও নিয়ে যায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরের দু'টি গ্র"পের মধ্যে সকালে অল্প সময়ের জন্য সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/টিআর/০১৫৫ঘ.
bdnews24