ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আমবাগিচা জামে মসজিদে বুধবার তাবলিগ দলের ১০ সদস্য পায়েস খেয়ে অচেতন হয়ে পড়েন।
তাদেরকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন, আবু বকর (৪৫), জায়েদুল ইসলাম (৩০), মুসা (৩৩), আব্দুল ওয়াহিদ (৬৫), মারফত আলী (৪৫), রাশেদুল ইসলাম (৩৫) দলপতি (আমির), হেফজুল (৩৫), রাশেদ (৩০), নুরুল ইসলাম (২৮), আবুল কালাম (৬৫)।
১৪ সদস্যর মধ্যে দুজন এ কাজ করেছে বলে জানিয়েছেন দলের আরেক সদস্য গোলাম মোস্তফা।
তিনি জানান, কাকরাইল মসজিদ থেকে মঙ্গলবার ১৪ জনের একটি দল আমবাগিচা জামে মসজিদে ইসলাম প্রচারে যান। দলটিতে বিভিন্ন জেলার লোক ছিল।
বুধবার রাতে এশার নামাজের পর দলের সদস্য রাশেদুল (২৪) ও আলী হোসেন (৫০) সবাইকে পায়েস খাওয়াতে চায়। তারা নিজ হাতে পায়েস রান্না করে পরিবেশন করে।
"বাথরুম থেকে ফিরে দেখি দলের সদস্য মতিউর রহমান ছাড়া সবাই মসজিদের মেঝের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে।" বলেন তিনি।
তবে দুর্বৃত্তরা কিছু লুট করতে পারেনি বলে জানান তিনি।
মিটফোর্ড হাসপাতালের মেডিকেল অফিসার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার দুপুরে বলেন, "তাদের মেডিসিন ইউনিট-৩ এ ভর্তি করা হয়েছে। একজন ছাড়া সকলেরই জ্ঞান ফিরেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24