ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীর সড়কগুলোতে মাতাল অবস্থায় কেউ গাড়ি চালালে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার একেএম শহীদুল হক।
নববর্ষের প্রথম প্রহরে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বুধবার রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদুল হক এ কথা জানান।
তিনি বলেন, "উৎসব উদ্যাপনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। মাতাল অবস্থায় কেউ গাড়ি চালালেই গ্রেপ্তার হতে হবে তাকে।"
প্রতিবছরের মতো এবারও সব ধরনের অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা থাকবে জানিয়ে মহানগর পুলিশ প্রধান বলেন, "পাঁচতারকাসহ নামী-দামী হোটেলগুলোতে সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। একই সঙ্গে রাস্তায়ও টহল চলবে। তবে কোনোও ধরনের বিশৃঙ্খলা না হলে পোশাকধারী পুলিশ হোটেলের ভেতরে ঢুকবে না।"
পুলিশ কমিশনার জানান, ওই সময় রাজধানীর ১০৬ টি পয়েন্টে থাকবে পুলিশের বিশেষ চেকপোস্ট। কয়েকটি স্পর্শকাতর পয়েন্টে প্রস্তুত থাকবে জলকামানবাহী গাড়ি (ওয়াটার ক্যানন)। রাজধানীর আটটি ক্রাইম জোনে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে বিভিন্ন স্থানে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের প্রায় ছয়শ' সদস্য টহলে থাকবেন। স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের ডগ স্কোয়াড এবং অশ্বারোহী বাহিনী ছাড়াও প্রস্তুত থাকবে কমান্ডো ভেহিকেল (রায়ট কন্ট্রোল কার), অগ্নি নির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স। এর বাইরে শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে প্রস্তুত থাকবে অতিরিক্ত পুলিশ।
গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমণ্ডি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর রেড জোনের (বিশেষ স্পর্শকাতর এলাকা) আওতায়।
বৃহস্পতিবার রাত ১০ টা থেকেই ওইসব এলাকায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবে পুলিশ। এরপরপরই সেখানে সব ধরনের যানবাহন চলাচল সীমিত ও প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে।
রাজধানীর কূটনৈতিক পাড়ার নিরাপত্তার বিষয়টিকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রাত ১০ টা থেকে গুলশান, বনানী ও বারিধারায় যানবাহন প্রবেশের জন্য শুধু তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ফিনিক্স রোড ক্রসিং, আমতলী ক্রসিং, কাকলী ক্রসিং, ডিওএইচএস বারিধারা, ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করতে হবে। এ এলাকায় ঢোকার অন্যসব ক্রসিং বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে হলে শুধু শাহবাগ ক্রসিং, পুরাতন হাইকোর্ট ক্রসিং, ঢাকা মেডিকেল ইমার্জেন্সী গেট ক্রসিং ও নীলক্ষেত ক্রসিং ব্যবহার করতে হবে। অন্যসব পথ বন্ধ থাকবে।
উত্তরাকে তৃতীয় স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানেও জোরালো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আশুলিয়ায়ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
এর আগে মঙ্গলবার র্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে পাঁচ হাজারের বেশী র্যাব সদস্য মোতায়েন থাকবে। রাজধানীতে দায়িত্বে থাকবে দুই হাজার র্যাব সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০০২৪ ঘ.
bdnews24