বাগেরহাট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের প্রায় পৌনে ১০ কোটি টাকা অপচয়ের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকালে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) সহকারী পরিচালক মো. আমিনুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি মুনীর-উল-গিয়াস।
মামলায় সাবেক এই মেয়রের বিরুদ্ধে সরকারের নয় কোটি ৭৪ লাখ ৩১ হাজার ২২৭ টাকা ১১ পয়সার আর্থিক ক্ষতি করে অন্যকে লাভবান করার এবং নিজে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২ সালের জুলাই মাস থেকে ২০০৭ সালের অক্টোবর মাস পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শাখা-১০ কর্তৃক অনুমোদিত খুলনা সিটি করপোরেশন অধ্যাদেশ-১৯৮৪ এর ৪৬ ধারা অনুযায়ী এই করপোরেশনের সাংগঠনিক কাঠামোর মাস্টার রোল শ্রমিক পদে মঞ্জুরীকৃত ১৯৯ জন শ্রমিক অপেক্ষা অতিরিক্ত শ্রমিক অবৈধভাবে নিয়োগ করে তাদের দৈনিক মজুরী বাবদ তিনি ওই অর্থ ব্যয় করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন।
মামলার বাদী আমিনুর রহমান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান ২০০২ সালের জুলাই মাস থেকে ২০০৭ সালের অক্টোবর মাস পর্যন্ত মাস্টার রোলের ১৯৯ জন শ্রমিকের স্থলে শত শত শ্রমিক নিয়োগ দিয়ে সরকারের নয় কোটি ৭৪ লাখ ৩১ হাজার ২২৭ টাকা ১১ পয়সার আর্থিক ক্ষতি করেছেন।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে এই অভিযোগের সত্যতা মেলায় দুদক চেয়ারম্যানের কাছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়ে প্রতিবেদন দেওয়া হয়। দুদকের অনুমতি সাপেক্ষে বুধবার বিকালে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় খুলনা সদর থানায় মামলাটি (মামলা নং-৪৭) দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/২১১৫ ঘ.
bdnews24