জামালপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষকদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বুধ্বার বিকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দের পাড়ায় ব্র্যাকের বর্গাচাষী উন্নয়ন কর্মসূচি গ্রাম সংগঠনে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।
তিনি বলেন, "মুক্তিযুদ্ধ শেষ হয়নি। আমরা এখন শুরু করেছি মুক্তির যুদ্ধ। না খেয়ে থাকার কষ্ট থেকে মুক্তি পাওয়ার যুদ্ধ। দারিদ্রের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, তাতে আমরা বিজয়ী হব-ই।"
কেন্দ্রীয় ব্যাংক বর্গাচাষীদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে তিনি জানান।
ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন ও জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনুও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গভর্নর বিনন্দের পাড়া ও গহেরপাড়ার দুটি বর্গাচাষী গ্রাম সংগঠনের ২৮ জন বর্গাচাষীর হাতে কৃষিঋণ বিতরণ করেন।
মাহবুব হোসেন জানান, ব্র্যাক বিগত অক্টোবর ও নভেম্বর মাসে দেশের ৩৫টি জেলায় ১৫০টি উপজেলায় ৭০০ গ্রাম সংগঠনের মাধ্যমে প্রায় ১৪ হাজার বর্গাচাষীকে সংগঠিত করেছে। এর মধ্যে এসব সংগঠনের ২৫২৫ জন কৃষকের মাঝে প্রায় ৩ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক গভর্নর জেলা শিল্পকলা একাডেমিতে ন্যাশনাল ব্যাংক জামালপুর শাখা আয়োজিত এসএমই সম্পর্কিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/২০৫৫ ঘ.
bdnews24