২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে ৫ টন পলিথিন ব্যাগ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে উৎপাদন নিষিদ্ধ পাঁচ মেট্রিক টন পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

নীলফামারী, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুরে উৎপাদন নিষিদ্ধ পাঁচ মেট্রিক টন পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। শহরের বিচালী পট্টি থেকে মঙ্গলবার রাতে আটক করা একটি ট্রাক থেকে ওই পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় সৈয়দপুর থানায় শহরের চার ব্যবসয়ীর বিরুদ্ধে মামলা করেছে। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাতে শহরের বিচালী পট্টিতে অবৈধ পলিথিন বহনকারী একটি ট্রাক (নম্বর টাঙ্গাইল-ট-১১-০১৩২) দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এস এম রশিদুল হক ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে সৈয়দপুর থানায় নিয়ে আসে। "বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাকটি থেকে পলিথিন ভর্তি ৭১টি বড় বস্তা, ১৭টি মাঝারি বস্তা ও ২৪টি ছোট বস্তা উদ্ধার করা হয়। মোট ১১২টি বস্তার পলিথিনের পরিমাণ কমপক্ষে পাঁচ টন, যার বাজার মূল্য প্রায় ১০লাখ টাকা।" এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সৈয়দপুর শহরের ব্যবসায়ী আব্দুল জব্বার, আকতার হোসেন ও মোহাম্মদ মুশাসহ চারজনের নামে থানায় মামলা দায়ের করেছে। মামলায় বুধবার বিকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ওসি ইসমাইল আরও বলেন, "সৈয়দপুরের অধিকাংশ ব্যবসায়ী বিভিন্ন ধরনের ভারতীয় ও দেশীয় অবৈধ পণ্যের ব্যবসায় জড়িত। তারা সতর্কতার সঙ্গে দীর্ঘদিন অবৈধ পণ্যের রমরমা ব্যবসা চালাচ্ছে। মাঝে মধ্যে অভিযান চালিয়ে অবৈধ পণ্য উদ্ধার করা হলেও ওইসব পণ্যের কোনো মালিক খুঁজে পাওয়া যায় না। ফলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এএল/১৮০৫ ঘ.