২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসচাপায় বৃদ্ধ আহত, মহাসড়ক অবরোধ

সাভারের নয়ারহাট এলাকায় বুধবার দুপুরে বাসচাপায় এক বৃদ্ধ পথচারী আহত হওয়ার জের ধরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্ররা এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং যানবাহন ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

সাভার, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নয়ারহাট এলাকায় বুধবার দুপুরে বাসচাপায় এক বৃদ্ধ পথচারী আহত হওয়ার জের ধরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্ররা এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং যানবাহন ভাঙচুর করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েশ' যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত আবুল হোসেন (৭০) সাভারের মির্জানগর এলাকার প্রয়াত আমির উদ্দিনের ছেলে। পুলিশ বাসটি আটক করেছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল হোসেন দুপুর সোয়া ১টার দিকে নয়ারহাটের গণস্বাস্থ মেডিকেল কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় মানিকগঞ্জগামী এনএনবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এর পরপরবই চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। গুরুতর আহত আবুল হোসেনকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িচাপায় পথচারী আহত হওয়ার খবর পেয়ে দুপুর দেড়টার দিকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের দুই শতাধিক ছাত্র ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পরে তারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশে কয়েকশ' যানবাহন আটকা পড়ে জানিয়ে ওসি সিরাজুল বলেন, "আটকে থাকা ৫-৬ টি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা। গাড়ির গ্লাস ভেঙ্গে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।" তিনি জানান, আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের বুঝিয়ে সোয়া ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬৪৫ ঘ.