চাঁদপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকাবাসীর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হলো- সে খোঁজ নিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পাশাপাশি এলাকার সমস্যা ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড জানতে মঙ্গলবার চাঁদপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে এবারই প্রথম নির্বাচনে অংশ নেন দীপু মনি।
নির্বাচনের সময় চাঁদপুরবাসীর দাবি ছিল- 'ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষা কর'। সার্কিট হাউসে মঙ্গলবার রাতের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ভাঙনের পরিস্থিতি জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস কর্মকর্তা বলেন, ভাঙন প্রতিরোধে তারা দুটি প্রকল্প নিচ্ছেন। এ দুটি বাস্তবায়ন হলে চাঁদপুরে ভাঙনের ভয় থাকবে না।
প্রকল্প দুটি অনুমোদনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি প্রত্যাশা করেন পাউবো কর্মকর্তারা।
দীপু মনি বলেন, "চাঁদপুর রক্ষায় আমার পক্ষ থেকে যা যা করণীয় তা করছি এবং করবো। কারণ, আমি জনগণকে ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার ব্যাপারে প্রতিশ্র"তি দিয়েছি এবং ২০১২ সালের মধ্যেই তা বাস্তবায়িত করতে চাই।"
মন্ত্রী পাউবো কর্মকর্তাদের যথাসময়ে কাজ করা এবং অর্থ অপচয় না করার আহ্বান জানান।
চলতি বছর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, এটা অপ্রতুল। তিনি বরাদ্দ বাড়ানোর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
চাঁদপুর-কমিল্লা সড়কে অনেক গতিরোধকই অপ্রয়োজনীয়- এ দাবি করে তা তুলে নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেন দীপু মনি।
এছাড়া স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা, এলজিইডিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমস্যা ও তা নিরসনের পন্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দীন, পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলার চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে এক বছরে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। যা তৃতীয় বিশ্বের মতো একটি দেশে ইতিহাস হয়ে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24