চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মঙ্গলবার মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আলী মর্তুজার খুনিদের বিচার দাবিতে টানানো ব্যানার ও পোস্টার শিবিরকর্মীরা ছিঁড়ে ফেলার প্রতিবাদে দুপুর ২টার দিকে এ মিছিল বের করে ছাত্রলীগ ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত আট মাস ধরে সব ধরনের মিছিল-সভা-সমাবেশের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করা প্রসঙ্গে চবির সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল-সমাবেশ করেছে। আমরা এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেব।"
এ প্রসঙ্গে চবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলী মর্তুজার হত্যার বিচারের দাবিতে আমরা মানববন্ধন করতে চাচ্ছিলাম। ক্যাম্পাসে টানানো আমাদের পোস্টার-ব্যানার সোমবার গভীর রাতে শিবির ক্যাডাররা ছিঁড়ে ফেলেছে। এর বিরুদ্ধে অভিযোগ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদেই মিছিল।"
আলী মর্তুজাকে ২০০১ সালের ২৯ ডিসেম্বর শিবির ক্যাডাররা হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২১৫৮ ঘ.
bdnews24