ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের প্রতি সদয় আচরণের আহ্বান জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রতিবন্ধীরা করুণার পাত্র নয়। সমাজের সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার তাদের রয়েছে।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, "প্রতিবন্ধীদের কল্যাণে বর্তমান সরকার খুবই আন্তরিক। তাদের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।"
গত ২৬ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে শেখ হাসিনা বলেছিলেন, প্রতিবন্ধী কোনো শিশুকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবন্ধীদের চাকরি দিলে বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।
ঢাকা বিভাগের ৩২টি সংগঠনের ৬৭৫ জন প্রতিযোগী (বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী) চারটি বিভাগে ৮০টি ইভেন্টে অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল কবির, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি ইয়াদ আলী ফকির ও মহাসচিব এম এ বাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/এইচএ/১৮০০ ঘ.
bdnews24