ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার কর্তৃপক্ষ নিবন্ধিত ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর মধ্যে ৯ হাজার জনকে যত দ্রুত সম্ভব প্রত্যাবাসনে রাজি হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম দিনের বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি বলেন, প্রথম দিনের বৈঠকে বাংলাদেশ মিয়ানমারের অবৈধ নাগরিকদের শরণার্থী হিসেবে গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। কারণ, তারা 'অর্থনৈতিক কারণে' বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
"আমরা বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ দিয়েছি। এর জবাবে তারা যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশ্বাস দিয়েছে। নিবন্ধিত ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর মধ্যে মিয়ানমার যাচাই-বাছাই করে ৯ হাজার জনকে তাদের নাগরিক হিসেবে সনাক্ত করেছে। সম্ভাব্য দ্রুত সময়ে এদের প্রত্যাবাসন শুরু হবে" বলেন মিজারুল কায়েস।
তবে 'অর্থনৈতিক' কারণে ক্রমবর্ধমান হারে মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে পররাষ্ট্র সচিব উল্লেখ করেন।
তিনি জানান, প্রথম দিনের বৈঠকে মিয়ানমার থেকে বিদ্যুৎ ও গ্যাস আমদানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি।
এ সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, "তারা জানিয়েছে যে এই মুহূর্তে আমাদেরকে গ্যাস দিতে পারবেনা। নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেলেই তারা গ্যাস বিক্রি করবে।"
তবে মিয়ানমার সেদেশের একটি নদীতে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে রাজি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়টি খতিয়ে দেখবে বলে তিনি জানান।
এছাড়া মিয়ানমার বাংলাদেশী ব্যবসায়ীদের এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতেও রাজি হয়েছে।
দু'দিনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নিজ দেশের নেতৃত্ব দিতে মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী (পররাষ্ট্র সচিব) মং মিন্ত সোমবার ঢাকা আসেন।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং কয়েকজন সরকারি কর্মকর্তা গত শনিবার কক্সবাজার জেলায় দু'টি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তিনি জানান, এ দু'টি ক্যাম্প ছাড়াও সেখানে অনেক খড়ের ঘরে মিয়ানমারের বহু নাগরিক বসবাস করছে এবং যারা 'অর্থনৈতিক কারণে' বাংলাদেশে এসেছে।
এ সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, "ইউএনএইচসিআর আমাদের জানিয়েছে যে এসব অস্থায়ী ঘরে মিয়ানমারের যেসব নাগরিক বাস করছে তারা অনিবন্ধিত। অর্থনৈতিক কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তারা শরণার্থীর সংজ্ঞায় পড়েনা। তাই তাদের জন্য আমরা ইউএনএইচসিআর-এর সঙ্গে কোনো চুক্তি সই করবো না।"
সামরিক জান্তার দমন-পীড়ন থেকে বাঁচতে ১৯৯১-৯২ সালে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে প্রায় ৫ লাখ নাগরিক পালিয়ে বাংলাদেশে চলে আসে।
বাংলাদেশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর সহায়তায় অধিকাংশ নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে। কিন্তু নির্যাতনের ভয়ে ২৮ হাজার রোহিঙ্গা স্বদেশে ফেরত যেতে অস্বীকৃতি জানায়।
বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য এই ২৮ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ তাদের পরিচয় খতিয়ে দেখছে।
মিয়ানমার ইতোমধ্যে ৯ হাজার রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে সনাক্ত করেছে। বাকী ১৯ হাজার শরণার্থীর পরিচয় এখনো সনাক্ত হয়নি।
সমুদ্রসীমা চিহ্নিতকরণ নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধিদল আগামী ৮-৯ জানুয়ারি ঢাকা সফর করবেন বলে মিজারুল কায়েস জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২১৩৫ ঘ.
bdnews24