নোয়াখালী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলার গাংচিল গ্রামে সোমবার খেজুর রসের পায়েস খেয়ে ১৩ জন অসুস্থ হয়েছে।
আহতদের মধ্যে এক পরিবারের আনোয়ার হোসেন (৩২), কোহিনুর বেগম (২৫), পান্না (২২), বিটু (১৮), আসগর হোসেন (১২), জিসান (৭), মিতু (৭), তাসলিমা (৬), রাব্বি (৫), আকলিমাকে (৪), রাজু (৪) ও পারভীনকে (২) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া পাশের বাড়ির এসহাক মিয়া (৫৫) স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অসুস্থ কোহিনুর বেগম জানান, সকালে তাদের খেজুর গাছের রস পেড়ে আনার পর তিনি পায়েস তৈরি করেন। পায়েস খাওয়ার পরপরই প্রথমে শিশুরা অসুস্থ হয়। তাদের পেটে প্রচণ্ড ব্যথা ও বমি শুরু হয়।
গাছ থেকে পাড়ার পর রসের হাড়িতে একটি পলিথিনের খালি প্যাকেট পাওয়া গিয়েছিল। তবে ওই প্যাকেটে কিছু ছিল কি না তা জানেন না বলে কোহিনুর বেগম জানান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল মোতালেব বলেন, রসের মধ্যে আগেই কোনো বিষ দেওয়া হয়েছে নাকি খাওয়ার পর বিষক্রিয়া হয়েছে তা পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24