চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিরোধিতার জন্য বিরোধিতার অপরাজনীতি' পরিহার করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
এভাবে একুশ শতকের রাজনীতি চলে না মন্তব্য করে তিনি বলেন, "রাজনীতির নামে অপরাজনীতি ছেড়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুন। এটাই আপনাদের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে।"
রোববার সন্ধ্যায় চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় 'আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপট' শীর্ষক এক কর্মশালায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, "গত ২৯ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে বর্তমানে দেশ একটি সুস্থ রাজনীতির ধারায় ফিরে এসেছে। কিন্তু এসময়ে এসে আপনাদের (বিএনপি) দলের কাউন্সিল মানুষকে হতাশ করেছে। আপনারা কেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছেন না তা আমরা জানি। যুদ্ধাপরাধী, মৌলবাদী ও চিহ্নিত দুর্নীতিবাজদের দলে রেখে তা কখনো সম্ভব নয়।"
পররাষ্ট্রসহ যেকোন বিষয়ে সরকারের নীতিতে বিরোধীদলের দ্বিমত থাকলে তা নিয়ে খোলাখুলি আলোচনায় বসার আহবান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মণি।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী প্রমুখ।
কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভিক্ষা নয়, কী সহযোগিতা প্রয়োজন তা প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে তুলে ধরেছেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জলবায়ু সম্মেলনের শেষ দিকে এক সংবাদ সম্মেলন করে জলবায়ু তহবিলের অর্থ 'ভিক্ষা চেয়ে' দেশের অবমাননা না করার জন্য প্রধানমন্ত্রীসহ বাংলাদেশী প্রতিনিধিদলকে পরামর্শ দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24