ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিগুণ বেতন ও অবসর ভাতাসহ আট দফা দাবিতে রোববার সারাদেশে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে।
এ সময় তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশও করেন।
তাদের দাবির মধ্যে রয়েছে- গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সমান স্কেলে বেতন প্রদান, দফাদারদের অবসরকালীন ভাতা ৬০ হাজার টাকা ও মহল্লাদারদের (চৌকিদার) ৫০ হাজার টাকা ধার্য, গ্রাম পুলিশদের প্রশিক্ষণের ব্যবস্থা, গ্রাম পুলিশ বিধিমালা ২০০৭ বাস্তবায়ন, রেশনিং ব্যবস্থা চালুকরণ, আলাদা প্রশিক্ষণ একাডেমি স্থাপন, ইউনিয়ন পরিষদ ভবনে গ্রাম পুলিশদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা এবং থানা হাজিরা প্যারেডে তাদের জন্য বিশ্রামাগার নির্মাণ।
এর অংশ হিসেবে বিকাল সাড়ে ৩টায় ঢাকা জেলা প্রশাসক মো. জিল্লার রহমানের কাছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফার নেতৃত্বে ২৫ জন গ্রাম পুলিশ স্মারকলিপি দেন।
এতে বলা হয়, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী ২ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
আর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে ২৭ জানুয়ারি।
এরপরও দাবি মানা না হলে ১৪ ফেব্র"য়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৪২ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সপরিবারে মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট করবেন বলে হুমকি দেওয়া হয়।
গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা রোজী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্মারকলিপি দেওয়ার আগে দুপুরে তারা জনসন রোডে বাহাদুর শাহ পার্কে (ভিক্টোরিয়া পার্ক) সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ ছাড়া গাজীপুর, নীলফামারী, সাতক্ষীরা, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে স্মরকলিপি দেওয়া ছাড়াও তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাসহ বর্তমান প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি-দাওয়া জানানোর পর কিছু আশ্বাস পাওয়া গেলেও এ পর্যন্ত কিছুই বাস্তবায়ন হয়নি বলে বিভিন্ন জেলায় সমাবেশে দাবি করা হয়।
তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বর্তমানে দফাদারের মাসিক বেতন এক হাজার ৬ শ' টাকা এবং চৌকিদারের বেতন এক হাজার ৪ শ' টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/ডিডি/এইচএ/২১৫৩ ঘ.
bdnews24