২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মিথ্যা মামলার' শিকার কর্মীদের তালিকা বানাচ্ছে বিএনপি

সারাদেশে আওয়ামী লীগের সরকারের গত এক বছরের 'নির্যাতন ও মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত' দলীয় নেতা-কর্মীদের তালিকা তৈরি করছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে আওয়ামী লীগের সরকারের গত এক বছরের 'নির্যাতন ও মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত' দলীয় নেতা-কর্মীদের তালিকা তৈরি করছে বিএনপি। রোববার বিকালে কুমিল্লার কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কথিত বাড়ি দখলের ঘটনা রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান। জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবেক প্রতিমন্ত্রী মিলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন,'' সারাদেশে আওয়ামী লীগ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-মিথ্যা দায়ের-দখল-সন্ত্রাসের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি গঠন করে সারাদেশ থেকে তালিকা সংগ্রহ করা হচ্ছে। সময়মত তা জনসমক্ষে প্রকাশ করা হবে।'' তিনি 'আওয়ামী লীগের সন্ত্রাসীদের' মিলনের কচুয়ার বাড়ি দখল করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। খন্দকার মোশাররফ অভিযোগ করেন স্থানীয় সাংসদ মহীউদ্দিন খান আলমগীরের সমর্থক কচুয়ার উজান ছানিয়া গ্রামের যুবলীগ নেতা জাকির ও আতিশ্বর গ্রামের চান মিয়ার নেতৃত্বে গত ২২ ডিসেম্বর ওই বাড়ি দখল করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খন্দকার মোশাররফ চাঁদপুরসহ সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর 'নির্যাতনের চিত্র' তুলে ধরে বলেন,''কচুয়াসহ সর্বত্র আমাদের নেতা-কর্মীরা আজ নানাভাবে নির্যাতনের শিকার। অপহরণ, ধর্ষণ, লুটপাট ও দখল এখন নিত্য-নৈমিত্তিক ঘটনা। দিন বদলের শ্লোগান দিয়ে ক্ষমতায় বসে মহাজোট সরকার এভাবে বিরোধীদের নির্যাতন করে দিন বদল করতে চায়।'' কচুয়ায় বিএনপি কর্মীদের ওপর গত এক বছরের নির্যাতন ও হত্যার পরিসংখ্যান তুলে ধরে সরকারকে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান মোশাররফ। সংবাদ সম্মেলনে এহছানুল হক মিলন, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবী, আমিরুল ইসলাম কাগজী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯১৫ঘ.