ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তাসহ দীর্ঘদিনের অমীমাংসিত অভিন্ন ৫৪টি নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, "উভয় দেশের সরকারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইতোমধ্যে টেকনিক্যাল কমিটির আলোচনা হয়েছে, যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে।"
আগামী ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে ভারত যাচ্ছেন। তার সফরের আলোচনায় তিস্তার পানি বন্টন নিয়ে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে কর্মকর্তারা সতর্ক আশাবাদ জানিয়েছেন।
ভূমিদস্যুদের কাছ থেকে ঢাকাকে রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নদী পুনরুদ্ধারে সরকারের মহাপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
'সচল নদী, সচল অর্থনীতি' শ্লোগান নিয়ে অনুষ্ঠিত আইডিইবি'র জাতীয় সম্মেলন ও জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে নদী বাঁচানোর তাগিদ জোরালোভাবে উঠে আসে।
ছোট বড় প্রায় সাতশ' নদী বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে। এগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দেশের অগণিত মানুষের জীবন ও জীবিকা। তবে দখল-দূষণ এবং অপরিকল্পিত নদীশাসনের মতো অনেক কারণে অনেক নদীই হারিয়ে ফেলেছে স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা।
প্রধানমন্ত্রী নদী-নালা, খাল-বিল দখলদারদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
তিনি জানান, সরকার ইতোমধ্যে ডেভেলপারদের প্রকল্পে গাছ ও উন্মুক্ত জলাশয় রাখার শর্তসহ অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
সরকারের ভিশন-২০২১ এর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে দেশের অবকাঠামো নির্মাণের মূল কারিগর হিসেবে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
পরিবেশ বিপর্যয়ের কথা তুলে ধরে শেখ হাসিনা আরো বলেন, "বাংলাদেশের মত দেশগুলো আজ মারাত্মক হুমকির সম্মুখীন। সদ্য সমাপ্ত কোপেনহেগেন সম্মেলনসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে জলবায়ু পরিবর্তনের এ ক্ষতির কথা তুলে ধরেছি।"
দারিদ্র্যকে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে অভিহিত করে দারিদ্র্য বিমোচনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়।"
প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের ব্যাপারেও আশ্বাস দেন তিনি।
জাতীয় উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে তার আগের মেয়াদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, "আমরা এ বিষয়টির ওপর এবারও বিশেষ জোর দিয়েছি।"
সবার সহযোগিতা পেলে একটি দারিদ্র্য, নিরক্ষরতা ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইডিইবি'র সভাপতি এম আর খায়রুল ইমাম এবং সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বক্তব্য দেন।
সম্মেলনে আইডিইবি দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/১৯৪৪ঘ.
bdnews24