ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্রী অনামিকা ঘোষ হত্যা মামলার রায় হবে আগামী বৃহস্পতিবার।
ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক বিচারক মো. রেজাউল ইসলাম যুক্তিতর্ক গ্রহণ শেষে রোববার রায়ের দিন ধার্য করেন।
২৭ কার্যদিবসে মামলার বিচার কাজ শেষ হচ্ছে। মামলাটিতে আসামি ও রাষ্ট্রপক্ষের মোট তিনদিন যুক্তিতর্ক গ্রহণ করা হয়।
কেরানীগঞ্জের বামনসূর প্যাসিফিক কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী অনামিকা ঘোষকে (৯) চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি স্কুল থেকে ফেরার পথে স্থানীয় দুর্বৃত্তরা অপহরণ করে। পরে তারা অনামিকার বাবার কাছে ফোনে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণের রফা হলেও জীবন রক্ষা হয়নি অনামিকার। ১ মার্চে মানিকগঞ্জের শিবালয় এলাকার পাটুরিয়া ফেরিঘাটের কাছে ধুতরা বাড়ি গ্রামের ধান ক্ষেত থেকে অনামিকার লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার পাঁচ আসামিই বর্তমানে কারাগারে রয়েছে। তারা হচ্ছে- মানিক, জনি ঘোষ, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী ও মো. আলাউদ্দিন।
চলতি বছরের ২৬ ফেব্র"য়ারি অনামিকার বাবা সুধারাম ঘোষ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
২৫ মার্চ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। পাঁচ অভিযুক্তই হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তারা বলেছে, তাদের চিনে ফেলায় অনামিকাকে হত্যা করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৮১৫ ঘ.
bdnews24