২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী: আপিল আবেদনের শুনানি ৩ জানুয়ারি

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি হবে আগামী ৩ জানুয়ারি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 08:20 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি হবে আগামী ৩ জানুয়ারি। রায় স্থগিতের আদেশ খারিজের আবেদনের ওপরও সেদিন শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা রোববার এ তারিখ নির্ধারণ করেন। সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৮ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়। রিটাকারীর কৌঁসুলি আজমালুল হোসেন কিউসির আবেদনে চেম্বার বিচারপতি শুনানির তারিখ নির্ধারণ করেন। আদালতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও এম কে রহমান। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের হাইকোর্ট বেঞ্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। সেদিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার। তারপর থেকে রায়ের কার্যকারিতা স্থগিত হয়ে আছে। তবে রায়ের বিরুদ্ধে তৎকালীন সরকার আপিল আবেদন করলেও বর্তমান সরকার তা প্রত্যাহারের আবেদন করে। তবে ওই বিষয়ে আদেশ হয়নি। সরকার ওই আবেদন করলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও কামরুজ্জামান ভুঁইয়া পৃথক দুটি আপিল আবেদন করার অনুমতি চান। গত ৪ মে আদালত তাদের অনুমতি দেয়। এরপর ২ জুন রায় স্থগিতের আদেশ খারিজের আবেদন করা হয়। আজমালুল হোসেন কিউসি রোববার সাংবাদিকেদের বলেন, "৩ জানুয়ারি সবগুলো লিভ টু আপিলের শুনানি একসঙ্গে হবে।" অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "সরকার তার করা লিভ টু আপিল চালাতে চায় না। তাই লিভ টু আপিল প্রত্যাহারের পক্ষে সরকার পক্ষের বক্তব্য সীমাবদ্ধ থাকবে।" তিনি এর আগে বলেছিলেন, বর্তমান সরকার মনে করে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় সঠিক রায়। এ রায়ে গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগ প্রতিফলিত হয়েছে। এ কারণে গত সরকার যে আপিল করেছিল তা চালানোর প্রয়োজন নেই। হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। আদালত অবশ্য ওই সময়ে জনস্বার্থে করা সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিলো। হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সব কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই আলোচিত রায়ের অভিমতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.