২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নববর্ষের প্রথম লগ্ন আসবে দু'বার

নতুন বছর ২০১০ কে বরণ করতে গিয়ে এবার এক অভিনব অভিজ্ঞতা হবে বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 07:30 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

সায়েদুল ইসলাম তালাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছর ২০১০ কে বরণ করতে গিয়ে এবার এক অভিনব অভিজ্ঞতা হবে বাংলাদেশের। বছরের শেষ দিন মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা একঘন্টা পিছিয়ে যাবে বলে বারোটা বাজবে দু'বার। আর 'ইংরেজি' কায়দায় মধ্যরাত পার হতে নতুন বছরকে আবাহনও করতে হবে দু'বার। যারা আনন্দ-উচ্ছ্বাসে 'থার্টি ফার্স্ট' পালনের আয়োজন করছেন তাদের জন্য এবার হয়তো তাই 'ডাবল আনন্দ'। কোনটা আসল মধ্যরাত সে নিয়ে একটু তর্ক-বিতর্ক হওয়াটাও আশ্চর্যের নয় হয়তো। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর রাত ঠিক ১২টায় ঘড়ির কাঁটা একঘন্টা পিছিয়ে সময় সমন্বয় করা হবে। সে হিসাবে ৩১ তারিখ পার হয়ে ১ জানুয়ারি ২০১০ শুরুর সঙ্গে সঙ্গে দেশবাসী ঘড়ির কাঁটা একঘন্টা পিছিয়ে দেবেন। ঘড়িতে তখন আবার ১১টা। অর্থাৎ ১ ঘন্টা পরেই আরেকদফা নববর্ষের সূচনালগ্ন! আতশবাজি, বেলুন আর ফুলও হয়তো কিনতে হবে দু'দফার কথা মাথায় রেখেই। কিন্তু এক যাত্রায় দু'বার নতুন বছর পাবার ভাগ্য তো রোজ রোজ জোটে না! আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নতুন বছরকে স্বাগত জানানোর লগ্নে রাজধানী ও সারাদেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সারাদেশে র‌্যাবের মোট সাড়ে ৫ হাজার সদস্য কাজ করবে। শুধুমাত্র ঢাকাতেই কাজ করবে ২ হাজার র‌্যাব সদস্য। এছাড়া র‌্যাবের ডগস্কোয়াড, বম্ব স্কোয়াডসহ সবগুলো ব্যাটেলিয়ন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন র‌্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) সোহাইল তাজ। অন্যদিকে 'থার্টি ফার্স্ট' নামে জনপ্রিয় হয়ে ওঠা নববর্ষের প্রথম লগ্ন উদযাপন নিয়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। রাত ১০টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডির প্রবেশপথগুলোয় বিশেষ চেকপোস্ট বসানো হবে। শুধুমাত্র বাসিন্দারা ছাড়া অন্য কেউ এসব এলাকায় প্রবেশ করতে পারবে না। কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে গ্রেপ্তার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/০১১৯ঘ.