মাগুরা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলমতের উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করছেন বলে দাবি করেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া হাইস্কুল মাঠে শনিবার বিকালে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি ছাত্রলীগ ও আওয়ামী লীগে নেতৃত্ব দিলেও এখন শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছি।"
মাগুরার সাবেক সাংসদ আছাদুজ্জামানের ষোড়শ মৃত্যুবার্ষিকীতে আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন এ স্মরণসভা আয়োজন করে।
সুশাসন প্রতিষ্ঠার জন্য আছাদুজ্জামানের মত সৎ ও ত্যাগী দেশ প্রেমিক নেতার প্রয়োজন বলে স্পিকার বক্তব্যে উল্লেখ করেন।
তার ছেলে সাইফুজ্জামান শিখর বাবার যোগ্য উত্তরসুুরী হিসেবে জনগণের আকাঙ্খা পূরণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রিংকুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, সাংসদ মো. সিরাজুল আকবর, বীরেন শিকদর, এসকে বাকের, শফিকুল ইসলাম অপু, আছাদুজ্জামানের ছেলে সাইফুজ্জামান শিখর, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি-মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রিটন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.
bdnews24