ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৮ বছর পর আনুষ্ঠানিক সম্মান পেলেন ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা পুলিশ সদস্যদের কয়েকজন।
২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানী দখলদার বাহিনী 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকায় যে হামলা ও হত্যাযজ্ঞ চালায় তার অন্যতম লক্ষ্যবস্তু ছিল রাজারবাগ পুলিশ লাইন। এখানকার বাঙালি পুলিশ সদস্যরা নিশ্চিত পরাজয় জেনেও অনেক বেশি শক্তিশালী পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে রাতভর প্রতিরোধ চালিয়ে যায়। সেখানে কয়েকশ পুলিশ হতাহত হন বলে ধারণা করা হয়।
ঢাকা মহানগর পুলিশ রাজারবাগ যুদ্ধে অংশ নেওয়া ৩৭ জন পুলিশ সদস্য এবং তাদের পরিবারকে সম্মান জানাতে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করে। এই ৩৭ জনের মধ্যে প্রতিরোধ যুদ্ধে শহীদ হন ৮ জন, পরে বিভিন্ন কারণে আরও ৩ জন মারা যান। ২৬ জন এখনো জীবিত। তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশ নেন।
রাজারবাগ পুলিশ লাইনের ওই পুলিশ সদস্যরা এতদিন তাদের বিভাগের পক্ষ থেকে কোনও স্বীকৃতি পাননি।
সম্মাননা হিসেবে তাদের বা পরিবারের সদস্যদের হাতে একটি করে সনদ, ক্রেস্ট, নগদ ৫ হাজার টাকা ও একটি শাল তুলে দেওয়া হয়।
রাজারবাগে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা কনস্টেবল জয়নাল আবেদীন ক্ষোভ প্রকাশ করে বলেন, "২৫ মার্চ রাতে পুলিশ সদস্যরা থ্রি নট থ্রি রাইফেল নিয়ে আধুনিক অস্ত্র সজ্জিত পাক বাহিনীর মুখোমুখি দাঁড়ালেও স্বাধীনতার পর তাদের কোনও মূল্যায়ন হয়নি। পুলিশ বিভাগ তাদের খোঁজ খবরও রাখেনি।"
রাজারবাগ যুদ্ধে শহীদ উপ-পরিদর্শক আবদুল জলিলের ছেলে সাইদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, "৩৮ বছর পর পুলিশ বিভাগ বাবাকে স্মরণ করলো। এর আগে পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো খোঁজও নেওয়া হয়নি।"
প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, "ঢাকা মহানগর পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে যে শুভ সূচনা করলো -এটা অনেক আগেই হওয়া উচিত ছিল।"
মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এতদিন সম্মানিত না করতে পারায় দুঃখ প্রকাশ করেন পুলিশ প্রধান।
কাজের সুযোগ থাকলে মুক্তিযোদ্ধার সন্তানদের সুযোগ দিতে পুলিশ সদরদপ্তর থেকে প্রত্যেক জেলায় নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ঢাকা মহানগর পুলিশের কমিশনার একেএম শহীদুল হক বলেন, "এতদিন এসব বীর পুলিশ সদস্যদের কেন মূল্যায়ন করা হয়নি এটা জানি না। তবে তিনি বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে সে এলাকার মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের যথাযথ মূল্যায়নের চেষ্টা করেছি।"
কমিশনার একেএম শহীদুল হকের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থি'ত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা, ফনি ভূষণ চৌধুরী, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমদ (বীরবিক্রম), পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাঈম আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
রাজারবাগে প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া জয়নাল আবেদীন ছাড়াও স্মৃতিচারণ করেন কনস্টেবল জহিরুল হক, হাবিলদার আবদুল আউয়াল ও উপ-পরিদর্শক শাহজাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০২৫ঘ.
bdnews24