চাঁদপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টঙ্গীরপাড় গ্রামে শুক্রবার গভীর রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে।
এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে দু'জন আহত হন। আহত ইমাম হোসেন (২৬) ও সাহাদাৎ হোসেনকে (২৫) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে ১০/১২ জন ডাকাত পুলিশ পরিচয় দিয়ে আনোয়ার হোসেন মজুমদারের ঘরে ঢুকে নগদ ১০ হাজার টাকা, প্রায় দেড় আনা ওজনের দুইটি স্বর্ণের চেইন নিয়ে যায়।
এ সময় বাধা দেওয়ায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারের ছেলে সাহাদাৎ ও ভাইপো ইমাম হোসেন আহত হন।
তিনি বলেন, রাত ২টার দিকে ডাকাতরা আনোয়ারের প্রতিবেশী রাশেদ চৌধুরীর বাড়িতে ঢুকে ৫৪ ভরি স্বর্ণ, নগদ ৪৯ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন সেট ও একটি টর্চ লাইট নিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24