২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের স্কুলে না নিলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী কোনো শিশুকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী কোনো শিশুকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবন্ধীদের চাকরি দিলে বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা শনিবার অষ্টাদশ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা কোনো অসুখ নয়, এটি মানব বৈচিত্র্যেরই একটি অংশ। সমাজের অন্যান্য মানুষের মতো তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে হবে। প্রতিবন্ধীর পরিবারও যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সে দিকে দৃষ্টি রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "কোনো প্রতিবন্ধীকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ না দিলে তাদের (সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।" তিনি বলেন, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সবার সঙ্গে মেশার সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের সঙ্গে যদি ভালো আচরণ করা হয় তাহলে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিবন্ধীদের চাকরি দেওয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "সে ক্ষেত্রে তাদের কর রেয়াত সুবিধা দেওয়া যায় কি না, সে বিষয়ে আমি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো।" প্রধানমন্ত্রী ২০০১ সালে প্রণীত প্রতিবন্ধী কল্যাণ আইন যুগোপযোগী করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যানবাহনে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দেন তিনি। তথ্য-প্রযুক্তি, খেলাধূলা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ রাখার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের কিছু অক্ষমতা আছে ধরে নিয়েই সব ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিবন্ধীদের কোটার বিষয়ে সচেতন থাকতে প্রত্যেকটি মন্ত্রণালয় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৪০০ ঘ.