সাভার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে গোলাগুলির পর এক গুলিবিদ্ধ ডাকাততে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে একটি বাসে করে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে একটি ডাকাত দলের সংঘর্ষ হয় বলে জানান সাভার থানার উপপরিদর্শক আবু তাহের।
গ্রেপ্তারকৃতের নাম মিজান (৩৫)। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার দক্ষিণ কেরানীগঞ্জে। পুলিশ বাসটি আটক করেছে।
পুলিশ কর্মকর্তা তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৭/৮ জন ডাকাত একটি মিনিবাস যোগে সাভারে যাওয়ার সময় বলিয়ারপুরে মধুমতি মডেল টাউনের সামনে পুলিশ বাসটি আটকালে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।"
আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর অপর ডাকাতরা পালিয়ে গেলে সড়কের পাশের একটি ডোবায় গুলিবিদ্ধ মিজানকে পাওয়া যায় বলে তাহের জানান।
তিনি বলেন, "মিজান ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। সে জানিয়েছে, তাদের দলের নেতা কেরানীগঞ্জের আতা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪০ ঘ.
bdnews24