২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মুসলিম উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে শুক্রবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 07:04 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে শুক্রবার শুরু হয়েছে। সকালে বিদ্যালয় চত্বরে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি দুদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজক। ১৯০৯ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বিকালে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (১৯৩২ সালের ব্যাচ) আবদুর রাজ্জাক। আরেক প্রাক্তন শিক্ষার্থী বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ছিলেন বিশেষ অতিথি। হাছান মাহমুদ বলেন, "স্কুলে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার চর্চা ছিল বাধ্যতামূলক, যা আমাদের মানুষ হতে সাহায্য করেছে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে শতবর্ষে এসে গৌরবের ঐতিহ্য লালন করে স্কুলটির যে স্থানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।" এ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে এসে প্রাক্তন শিক্ষার্থীরা যেন হারিয়ে যান তাদের অতীতে। স্মৃতিচারণ, হাসি, গান আর আড্ডায় তারা মেতে থাকেন দিনভর। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিদ্যালয়ের প্রবীণ ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/০০৪৭ ঘ.