রাঙামাটি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে চাকমা সার্কেলের তিন দিনের রাজপুণ্যাহ উৎসব শুরু হচ্ছে রোববার।
রাঙামাটির রাজ কার্যালয় মাঠে অনুষ্ঠেয় উৎসবকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
উৎসবের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়ের একান্ত সচিব সুব্রত চাকমা।
তিনি আরো বলেন, তিনদিনের অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গৌতমুনি মেলা, ঐতিহ্যবাহী আদিবাসী সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান, আদিবাসী নাটক মঞ্চায়ন এবং বেত ও বাঁশের তৈরি আসবাবপত্র ও পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, অনুষ্ঠানের প্রথম দিন বেলা ১টায় প্রথানুযায়ী সার্কেলের অন্তর্ভুক্ত রাঙামাটি জেলার ১৪৫টি মৌজা এবং খাগড়াছড়ি জেলার দীঘিনালা ও লক্ষ্মীছড়ি উপজেলার ৩৩টি মৌজা থেকে ১৭৮ জন হেডম্যান (মৌজা প্রধান) তাদের তরবারি রাজার হাতে দিয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। এরপর তারা রাজ কর্মকর্তাদের কাছে খাজনা (ভূমি কর) দেবেন।
দ্বিতীয় দিন সোমবার সকালে রয়েছে হেডম্যান সম্মেলন। এতে রাজা দেবাশীষ রায় হেডম্যানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিকালে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৃতীয় দিন মঙ্গলবার সকালে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে ।
১৯৭৯ সালে ৫১তম রাজা ও চাকমা সার্কেল প্রধান হিসেবে দেবাশীষ রায়ের অভিষেক হয়। সে বছরই প্রথম রাজপুণ্যাহ অনুষ্ঠিত হয়।
তিন দিনের উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, রাজকুমার ত্রিভূবন আর্যদেব রায় ছাড়াও রাজ পরিবারের সদস্যবর্গ এবং দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/২২৪৯ ঘ.
bdnews24