চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেন সম্মেলনে বাংলাদেশের ভূমিকা নিয়ে বিএনপির সমালোচনাকে 'অজ্ঞতাপ্রসূত' বলে আখ্যায়িত করেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে জাতীয় স্বার্থ তুলে ধরতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
ওইদিন এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, "কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে ধনী দেশগুলোর ওপর আইনগত বাধ্যবাধকতা আরোপের দাবি তুলে ধরতে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারেনি। এক্ষেত্রে সরকারি প্রতিনিধিদল চরমভাবে ব্যর্থ হয়েছে।''
পরিবেশ প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকার জলবায়ু নিয়ে কোনো রাজনীতি করছে না। জলবায়ু পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের কারণ। অথচ এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে।"
"কোপেনহেগেন সম্মেলনে বাংলাদেশ কোনো প্রকার ভিক্ষা চাওয়ার জন্য যায়নি, ক্ষতিপূরণ চেয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান সম্মেলনের লক্ষ্য-উদ্দেশ্য না বুঝে ভিন্ন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন" বলেন প্রতিমন্ত্রী।
বিএনপি'র সাংসদ এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মবিন তালুকদারের সভাপতিত্বে এক বৈঠকে জলবায়ু সম্মেলনের আলোচ্য বিষয় নির্ধারণ হয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, "এ কারণে এটা নিয়ে বিএনপি'র কোনো দ্বিমত থাকার কথা নয়।"
তিনি জলবায়ু সম্মেলন নিয়ে কারও সঙ্গে আলোচনা করা হয়নি- বিএনপি'র এই দাবিকে নাকচ করে দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কোপেনহেগেন সম্মেলন থেকে দেশের অনেক অর্জন আছে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমরা আমাদের বক্তব্য ভালভাবে উপস্থাপন করেছি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশের ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২২২ ঘ.
bdnews24