ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রতিবছর ৩ হাজার লোক আর্সেনিক বিষক্রিয়াজনিত রোগ আর্সেনিকোসিসের কারণে মারা যাচ্ছে। আর সাড়ে তিন থেকে প্রায় পৌনে আট কোটি লোক এতে আক্রান্ত হওয়ার প্রত্যক্ষ ঝুঁকির মধ্যে রয়েছে।
এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন বুধবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত একটি প্রকল্পের ফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানায়। (বিস্তারিত)
'ইন্টিগ্রেটেড কমিউনিটি বেজ্ড আর্সেনিক মিটিগেশন ইন ১০০ ইউনিয়নস প্রজেক্ট' নামে এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন এর ওই প্রকল্পে দেখা গেছে প্রায় ২ কোটি লোক আর্সেনিকোসিসের কারণে ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন।
তবে মতবিনিময় সভায় জানানো হয়, অনেক এনজিও এ বিষয়ে কাজ করলেও দেশে আর্সেনিক আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সরকার ১৯৯৮ সালে আর্সেনিক নীতি তৈরি করে এবং ২০০৪ সালে তার পুনর্মূল্যায়ন করা হয়। কিন্তু সমস্যার গুরুত্ব অনুযায়ী এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সামগ্রিক উদ্যোগ চোখে পড়েনি বলে মন্তব্য করা হয় সভায়।
এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন-এর নির্বাহী পরিচালক এস এম এ রশীদ জানান, তারা আইসিবিএএমপি প্রকল্পের মাধ্যমে ২০ জেলার ৩৫ উপজেলার ১০০ ইউনিয়নের ১৭৬৮ গ্রামে কাজ করছেন।
এই প্রকল্পের মাধ্যমে রোগী চিহ্নিত করা হয়েছে ২১৪৮ জন।
দেশের ৬১ জেলার ২৭২ উপজেলার ৫৭৪৮২ গ্রাম মারাত্মক আর্সেনিক দূষণের শিকার বলে উল্লেখ করেন তিনি।
প্রকল্পের ব্যবস্থাপক ড. আহাম্মাদুল কবির জানান, এখন পর্যন্ত আর্সেনিকোসিসে কত লোক মারা গেছে তার কোনো হিসেব নেই। সঠিক তথ্য না পেলে মানুষের মধ্যে নানা রকম অহেতুক ভীতি এবং কুসংস্কার জন্ম নেবে এবং তা রোধ করা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
বাংলাদেশে ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি সনাক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচবি/এসকে/২৩৩৫ঘ.
bdnews24