২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিবিরের পাল্টা মামলা

সরকারি আযিযুল হক কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা করেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বগুড়া, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি আযিযুল হক কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার দায়ের করা এ মামলায় আসামি করা হয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ৮৬ জন নেতা-কর্মিসহ অজ্ঞাত আরো শতাধিক জনকে। রোববার কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে অর্ধশত আহত হয়। সংঘর্ষের জন্য শিবিরকে দায়ী করে সেদিনই ছাত্রলীগ থানায় একটি মামলা করে। বগুড়ার বিচার বিভাগীয় হাকিমের আদালতে দায়ের করা মামলায় বাদি হয়েছেন আযিযুল হক কলেজ শাখার শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বাদশা। এতে বলা হয়, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের হামলায় অনেক শিবিরকর্মী আহত হয়েছে। আসামিরা বিভিন্ন ছাত্রাবাসে লুটপাটও চালিয়েছে। শিবিরের দায়ের করা মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা উজ্জল ও কামরুল হাসান ডালিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সামসুদ্দিন হেলাল প্রমুখ। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তর জন্য বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এদিকে সংঘর্ষের পর পুলিশ গত তিন দিনে বিভিন্ন স্থান থেকে ৭ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.