কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রয়োগকারী বাহিনীর হেফাজতে মৃত্যু ও নির্যাতন রোধে আইন প্রণয়নে একটি সংসদীয় স্থায়ী কমিটির বিএনপি ও আওয়ামী লীগ দলীয় সাংসদরা সর্বসম্মতভাবে একমত হয়েছেন।
আইনি হেফাজতে মৃত্যু ও নির্যাতন রোধে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরীর তৈরি একটি বিল নিয়ে মঙ্গলবার বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়।
আইন প্রয়োগকারী বাহিনীগুলোর হেফাজতে কারো মৃত্যু হলে বা কেউ নির্যাতনের শিকার হলে সংশ্লিষ্ট হেফাজতকারী ব্যক্তি বা ব্যক্তিদের এজন্য দায়ী করা হবে বলে এই বিলে প্রস্তাব করা হয়েছে।
আইনি হেফাজতে 'হত্যার' জন্য মৃত্যুদণ্ডেরও প্রস্তাব করা হয় বিলে। এছাড়া হেফাজতে হালকা নির্যাতনের জন্য সর্বনিম্ন শাস্তি হিসেবে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সুপারিশ করা হয়েছে।
আইন প্রয়োগকারী বাহিনীগুলোর হেফাজতে বছরের পর বছর ধরে মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটে আসলেও তা রোধে দেশে এই প্রথমবারের মতো বিল সংসদে উত্থাপিত হতে যাচ্ছে।
কথিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে কথিত 'ক্রসফায়ার' এর ঘটনায় দেশি-বিদেশী মানবাধিকার সংস্থাগুলো সরকারের তীব্র সমালোচনা করে আসছে।
সংসদ ভবনে কমিটির বৈঠকের পর সন্ধ্যায় কমিটির চেয়ারম্যান আব্দুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনি হেফাজতে মৃত্যু ও নির্যাতন রোধে দলমত নির্বিশেষে আমরা সাংসদরা বিলটি পাশের জন্য অনুমোদন করেছি।"
কমিটিতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতিনিধিত্ব করা একমাত্র সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, "সরকারি হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনাগুলো আমাদের মতো সাধারণ মানুষকেও একইভাবে আতংকিত করে তোলে, তাই আমি এই বিলটি সমর্থন করছি।"
কমিটি পরের বৈঠকে এ বিলের ব্যাপারে সুপারিশ চূড়ান্ত করবে বলে জানান আব্দুল মতিন খসরু।
বেসরকারি বিলের ক্ষেত্রে সংসদীয় রীতি অনুযায়ী, এরপর স্পিকার বিলটি সংসদে উপস্থাপনের ব্যবস্থা নেবেন। সরকারি দল চাইলেই কেবল বিলটি সংসদে অনুমোদন হবে। তা না হলে সংসদে আলোচনার পর কন্ঠভোটে তা নাকচ হয়ে যাবে।
আব্দুল মতিন খসরু বলেন, "প্রস্তাবিত বিল অনুযায়ী, আইনি হেফাজতে মৃত্যু বা নির্যাতনের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার অভিযুক্ত সদস্যকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে।"
দেশে বিদ্যমান আইন অনুযায়ী, বাদিকেই অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণ করতে হয়।
সাবের হোসেনের বিলে প্ররোচণাকারীকে শাস্তি দেওয়ারও প্রস্তাব করা হবে বলে জানান স্থায়ী কমিটি চেয়ারম্যান।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ ধরনের ধারা অন্তর্ভুক্ত করেছি, কারণ জেলের মধ্যে কাউকে পেটানো হলে হেফাজতকারী ছাড়া আর কেউ তা দেখবে না।"
ও
বাংলাদেশ ১৯৯৮ সালে জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছে উল্লেখ করে সাবের হোসেন বলেন, "জাতিসংঘের ওই কনভেনশন অনুযায়ী বাংলাদেশের এ ধরনের আইন প্রণয়নের বাধ্যবাধকতা রয়েছে।
"আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন এবং মানবাধিকার রক্ষার জন্য এ বিলটিকে একটি উপায় হিসেবে বিবেচনা করা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩১৫ঘ.
bdnews24