চাঁদপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে ১০ নারী খুনের কথা স্বীকার করে আলোচিত রসু খাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
পোশাক কর্মী মাশরুফা মেহেদী হত্যা মামলায় তার বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ প্রথম তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো।
সোমবার দুপুরে রসু'র ১১ নারী হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিটির প্রধান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টি এম মোজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযোগপত্র দেওয়ায় আগামী ফেব্র"য়ারি বা মার্চ মাস থেকে রসু'র বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদপুরের মতলবের কোহিনুর হত্যা মামলার অভিযোগপত্রও শিগগির আদালতে দাখিল করার প্রক্রিয়া চলছে। আরো আট নারী হত্যা মামলারও তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সাপদী শশ্মানঘাট গ্রামের ডা. শংকর দত্তের পুকুরের পশ্চিম পাড় থেকে এ বছরের ২৬ ফেব্র"য়ারি পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে। তখন ঠিকানা না পাওয়ায় চাঁদপুর পৌর গোরস্থানে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় তার লাশ দাফন করা হয়।
এ ঘটনায় ১৫ মার্চ একটি মামলা হয়।
গত ৭ অক্টোবর গ্রেপ্তারের পর রসুর স্বীকারোক্তিতে মেহেদী হত্যার বিষয়টি জানতে পারে পুলিশ। এ মামলায় তিনদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ২ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রসু।
জবানবন্দিতে রসু জানান, গত ১৪ ফেব্র"য়ারি মেহেদীকে টঙ্গী থেকে চাঁদপুর নিয়ে আসেন এবং পরে হত্যা করেন।
মেহেদীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার জোরবাড়িচর এলাকায়। তিনি টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
মেহেদী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুরের পুরানবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রে রসুকে একমাত্র আসামি দেখানো হয়েছে। মেহেদীর বাবা-মা, চাচাসহ আত্মীয়-স্বজনকেও সাক্ষী করা হয়েছে।
রসু খাঁকে গত ৭ অক্টোবর টঙ্গীর মিরাশপুর থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর পাঁচ দফায় ১৬ দিন হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেপ্তারের পরপর পুলিশ হেফাজতে তিনদিন জিজ্ঞাসাবাদ শেষে ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে ১০ নারীকে হত্যার কথা স্বীকার করেন রসু।
রসুর হাত থেকে বেঁচে যাওয়া একজনকে সনাক্ত করে পুলিশ। বেঁচে যাওয়া রুমা'র বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তাকেও চাঁদপুরে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করেন রসু। তবে মারাত্মক আহত হলেও বেঁচে যান এই নারী।
রসুর হাতে খুন হওয়া নারীদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জের পারভীন, সিরাগঞ্জের মেহেদী, মতলবের কোহিনুরের ঠিকানা সনাক্ত করতে পেরেছে পুলিশ। আরো সাত নারীর পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24